যৌথভাবে সেরা অভিনেত্রী মৌসুমী ও মীম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত খসরা তৈরি। আগামী সপ্তাহেই আসছে চূড়ান্ত ঘোষণা। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় আছেন চিত্রনায়িকা মৌসুমী ও বিদ্যা সিনহা মীম। যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কারটা এবার তাদের দখলে। মৌসুমী পাচ্ছেন ‘তাঁরকাটা’ ছবির জন্য, আর  মীম পাচ্ছেন ‘জোনাকীর আলো’ ছবির জন্য। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চলচ্চিত্রে সরব মৌসুমী। শুধুমাত্র নায়িকা চরিত্রেই নয়, সেই গণ্ডি থেকে বের হয়ে চরিত্র অভিনেত্রী হিসেবেও অনেক চলচ্চিত্রে দেখা গেছে তাকে। সেখানে তার সফলতার ধারাবাহিকতা ছিল। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন মৌসুমী।
 
 
 
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মৌসুমী বলেন, ‘স্বীকৃতি পেতে সবসময় ভালো লাগে। দেশের সর্বোচ্চ সম্মানা পাওয়ার অনুভূতি সবকিছুর চেয়ে আলাদা। যে চলচ্চিত্রের জন্য পুরস্কারটি পেতে যাচ্ছি সেই চলচ্চিত্রের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। ভালো একটি কাজ ছিল।’ অন্যদিকে এ সময়ে পর্দার প্রিয়মুখ মীম। বড়পর্দায় এখন নিয়মিতই দেখা যাচ্ছে তাকে। ধারাবাহিকভাবেই চলচ্চিত্রে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রসঙ্গে মীম বলেন, ‘স্বপ্নের মতো লাগছে। দায়িত্বের জায়গাটা অনেক বেড়ে গেল। কৃতজ্ঞ ভক্তদের প্রতি। তাদের জন্যই আজকে আমার এই স্বীকৃতি।’
 
উল্লেখ্য, দৈনিক ইত্তেফাকের সালতামামিতে মীমকে সেরা নায়িকা হিসেবে নির্বাচিত করা হয়।