ইঞ্জিন সমস্যায় বিমানের অবতরণ

অল নিপ্পন এয়ারওয়েজের একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান ইঞ্জিন সমস্যার কারণে কুয়ালালামপুর বিমান বন্দরে ফিরে আসতে বাধ্য হয়। 
 
জাপানি এ এয়ারলাইনের মুখপাত্র শুইচিরো হোরি জানান, আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৯মিনিটে ২০৩ যাত্রী ও ১১ ক্রু নিয়ে বিমানটি কুয়ালালামপুর ছেড়ে যায়। কিন্তু ডান ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ায় এটি ৯টা ২৭ মিনিটে কুয়ালালামপুরে ফিরে নিরাপদে অবতরণ করে।
 
তিনি জানান, অতিরিক্ত গরম হওয়ার কারণ তদন্ত করা হচ্ছে। 
 
স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় বিমানটির নারিতা বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।