দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফর করছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রবিবার তিনি এই সফরে তেহরান পৌঁছান।
চলতি সপ্তাহেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান মস্কো সফর করেছিলেন।ইরানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, অঘোষিত এই সফরে
মূলত সিরিয়ার চলমান পরিস্থিতি প্রাধান্য পাবে। ইরান ও রাশিয়া দুই দেশই সিরিয়া ইস্যুতে দেশটির ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে।
এছাড়া ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি’র সঙ্গে সাক্ষাৎ করে তাকে রুশ প্রেসিডেন্টের বিশেষ বার্তা পৌঁছে দেন সের্গেই শোইগু।
সফরে ইরানের প্রেসিডেন্ট শোইগুকে বলেন, আলাপ আলোচনার মাধ্যমেই কেবল সিরিয়া সংকটের সমাধান হতে পারে। দেশের ভবিষ্যৎ নির্ধারণে সিরিয়ার জনগণের যে অধিকার রয়েছে তাকে অবশ্যই সম্মান করতে হবে।
এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার সাম্প্রতিক সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রতিরক্ষামন্ত্রী শোইগু এবং উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিনসহ অন্যান্য পদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। দেহকানের সঙ্গে বৈঠকে ইরানের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট পুতিন। দু’দেশের স্বার্থে এ সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।