বিগত কয়েক সপ্তাহে জিকা ভাইরাস সমস্যায় জর্জরিত বিশ্ব। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। তাই জিকা মোকাবেলায় তারা ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কয়েকটি শহর ইতোমধ্যে ড্রোনের মাধ্যমে জিকা বহনকারী এডিস মশার বাসস্থান ও প্রজননক্ষেত্র ধ্বংস করছে।
ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোর বাগান থেকে শুরু করে যেসব স্থানে মশা জন্মানো সম্ভব সব স্থানেই ড্রোন চলছে বলে জানিয়েছে চীনের বার্তা সংস্থা শিনহুয়া।
এই ভাইরাসের নজর মূলত ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার ওপর। জিকার সঙ্গে লড়াই করতে বিভিন্ন দেশ বিভিন্ন অস্ত্র নিয়ে নেমেছে। আর ব্রাজিল জিকা প্রতিরোধে সাহায্য নিচ্ছে ড্রোনের।
জিকার উৎস হলো মশা, তাই জিকাকে রুখতে হলে আটকাতে হবে মশার জন্ম। ব্রাজিলে এই কাজটাই করবে ড্রোন। বাড়িসংলগ্ন বাগানে বা ছাদে কোথাও মশার চিহ্ন ড্রোনের চোখে ধরা পড়লেই দ্রুত তা নিধনের ব্যবস্থা করা হবে।
সাও পাওলোর স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডা পাদিলা বলেন, ড্রোন এখন সবচেয়ে আধুনিক প্রযুক্তি। এ যেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে আদি শত্রুর সঙ্গে লড়াই।
তবে প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম নয়। আগে জিকা ভাইরাস রুখতে স্মার্টফোন অ্যাপস চালু করেছিল ব্রাজিল। টাইমস অফ ইন্ডিয়া