অডিশনে পাঠানো ছবি শেয়ার করলেন অমিতাভ

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পেলেই এখন পরিচালক-প্রযোজক ধন্য হয়ে যান। কিন্তু বলিউডে নিজের জায়গা বানানোর একসময় কাজের জন্য বিভিন্ন ফিল্ম স্টুডিওর দুয়ারে অডিশনের জন্য ঘুরে বেড়াতে হত তাকেও। সেই সময়ের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন খোদ বিগ বি।
 
সিনেমার কাজ করতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো অমিতাভ একসময় বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে বেড়াতেন। বলিউডে অভিষেকের আগে ৭০ এর দশকে ফিল্মফেয়ার মাধুরী আয়োজিত এক ট্যালেন্ট হান্টে ছবি পাঠিয়ে ছিলেন। কিন্তু সেই ছবির জন্যই তাকে বাদ দেয়া হয়। টুইটারে সেই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়ে অমিতাভ বলেন, এই ছবিটি আমি সিনেমায় যোগ দেয়ার জন্য ফিল্ম ফেয়ার মাধুরী কনটেস্টে পাঠিয়ে ছিলাম। ছবিটি দেখে আপনাদের কী মনে হয় আমার বাদ পড়াতে কী বিস্ময়ের কিছু আছে!
 
খাজা আহমেদ আব্বাস পরিচালিত ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ‘সাত হিন্দুস্তানি’ সিনেমা দিয়ে বলিউডে প্রবেশ করেন অমিতাভ। বজ্রগম্ভীর কণ্ঠ ও অসাধারণ অভিনয়ের জন্য বিশ্বখ্যাত অমিতাভ নিঃসন্দেহে বলিউডের ইতিহাসের সর্বকালের সেরা অভিনেতা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।