ফিজিতে ঘূর্ণিঝড় উইনস্টোনের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২১

ফিজিতে শক্তিশালী উইনস্টোন ঘূর্ণিঝড়ের আঘাতে পুরো গ্রাম উড়ে গেছে। প্রায় ৩২৫ কিলোমিটার বেগের এই ঝড়ের জন্য প্রাণহানি হয়েছে ২১জনের।
 
রবিবার রাতের দিকে এই ঝড়ের কারণে বাড়ির ছাদ উড়ে গেছে, সমূলে পড়ে গেছে অনেক গাছ। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা।
 
নিহতের বেশিরভাগই পশ্চিম উপকূলে। বাতাসে উড়ে আসা ভাঙা অংশের ধাক্কাতেই মূলত মৃত্যু তাদের। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা  করা হচ্ছে।
 
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঝড়টি ফিজির প্রধান দ্বীপ ভিতি লেভুর উত্তরাঞ্চলে আঘাত হানে। এরপর ঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হয়। শেষ মুহূর্তে এটি গতিপথ পরিবর্তন করে সর্বশক্তি নিয়ে রাজধানী সুভায় আঘাত হানে।
 
ঘূর্ণিঝড় উইনস্টন আঘাত হানার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেয় ফিজির কর্তৃপক্ষ। প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে প্রায় ৭৫০টি আশ্রয় শিবির খোলা হয়।