একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক আবুল কালাম আজাদের বই ‘গণমাধ্যম ও আজকের বাংলাদেশ’। এর প্রচ্ছদ করেছেন রবীন আহসান। প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, দাম ২০০ টাকা। ৯৬ পৃষ্ঠার এ বইটিতে ২৪টি প্রবন্ধ রয়েছে। বইটিতে লেখক তার মেধা মননের মেলবন্ধন ঘটিয়েছেন। সব মিলিয়ে বইটিতে নতুনত্ব রয়েছে। রয়েছে ঘটনা ও তথ্যের বিশাল সম্মিলন।
বইটি সম্পর্কে সাংবাদিক দীপংকর গৌতম ভূমিকায় লিখেছেন, গণমাধ্যম একটি উপসনালয়। একজন সাংবাদিক সে উপাসনালয়ের উপাসক। যদি সেই সাংবাদিক কোকিলের মতো ফড়িয়া না হয় বাদুড়ের মতো জার্সিবদল না করে- এক মুখে দুই কাজ না সারে। আযাযিল আদমকে সেজদা করেনি, চাঁদ সওদাগরও মনসাকে পূজা দিতে চায়নি। কিন্তু একজন সাংবাদিক সত্যকে সেজদা করবে- একথা মাথায় রেখেই গণমাধ্যম ও আজকের বাংলাদেশ বইটি একাধিকবার পড়েছি। বইয়ের মধ্যে লেখকের দেশপ্রেম, চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সবই স্পর্শ করেছে তাকে। তার সন্তপ্ত বিবেকে ধাক্কা দেয়া ঘটনাগুলো তিনি দর্শকের মতো দাঁড়িয়ে দেখেননি। এই অব্যবস্থার বিরুদ্ধে কলম ধরেছেন। মাটি ও মানুষের জন্য তার টান স্পষ্ট বোঝা যায়।
তিনি আরো বলেন, বইয়ের সবকটি প্রবন্ধে তথ্য ও পরিসংখ্যান সর্বোপরি বিশিষ্টজনের মত গ্রহণের মধ্য দিয়ে নিজেকে দায় থেকে মুক্ত করে নিয়েছেন- এটাই লেখকের মুন্সিয়ানা। এটা লেখকের প্রথম বই হলেও তার লেখা সুন্দর ও পরিমার্জিত। দেশের মানুষ ও তার নিরন্তর সংগ্রামের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে এ ধরনের গ্রন্থ রচনার সাহসী উদ্যোগ সাধারণত কেউ নিতে চায় না। সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার লেখকের শব্দ চয়নেও অত্যুক্তি নেই। লেখক আবুল কালাম আজাদের বইটি শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবীন আহসান প্রকাশের উদ্যোগ নিয়ে এক সামাজিক দায়িত্ব পালন করেছেন বলে তাকে সাধুবাদ জানাই।