নাসায় ৮ পদের জন্য ২০ হাজার আবেদন!

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় নতুন কর্মী নিয়োগের জন্য ৮টি পদ খালি ছিল। সেজন্যই দেয়া হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই বিজ্ঞপ্তির পর ৮টি পোস্টের জন্য জমা পড়লো প্রায় ২০ হাজার আবেদন।
 
আর চাকরির আবেদনের জন্য এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড বলে জানালো নাসা। সংস্থাটি জানায়, এবছর ১৮ হাজার ৩০০টি আবেদন জমা পড়েছে তাদের কাছে যা আগের রেকর্ডের দ্বিগুনেরও বেশি। এর আগে ১৯৭৮ সালে সর্বোচ্চ ৮ হাজার আবেদন জমা পড়েছিল।
 
এত আবেদনের কারণ হিসেবে সামাজিক মাধ্যমে প্রচারণা ও মহাকাশ নিয়ে মানুষের আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তারা।
 
শুধুমাত্রা মার্কিনীদেরই এই পোস্টের জন্য আহ্বান করেছিল নাসা। এজন্য প্রয়োজন ছিল প্রকৌশল, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, গণিত কিংবা কম্পিউটার প্রকৌশলে স্নাতক।
 
তবে নাসার পরিচালক চার্লস বোল্ডেন বলেন, ‘আমি খুব একটা অবাক হইনি। কারণ আমরা খুব শিগগিরই মঙ্গলে পা রাখবো। আর আমাদের এই যাত্রাতে সবাই অবদান রাখতে আগ্রহী।’
 
নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ দেয়া হবে। ২০৩০ সালে মঙ্গলগ্রহে নভোচারী পাঠাতে চায় নাসা।