হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল খারিজ

১৪২ জন চিকিৎসকের নিয়োগ অবৈধই থাকল

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ১৪২ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল সোমবার এই রায় দেন। 
 
২০১০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে ওই চিকিৎসকদের নিয়োগ অবৈধ ঘোষণা করেছিলো। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন চিকিৎসক খায়রুন নাহারসহ অন্যান্যরা। আপিলকারীদের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে ব্যারিস্টার তানজীব উল আলম শুনানি করেন। শুনানি শেষে আপিল খারিজ করে দেয় আদালত। 
 
২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তি অনুসারে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত কর্তৃপক্ষ কয়েকশত চিকিৎসককে নিয়োগ দেয়। আইন লংঘন করে এসব নিয়োগ দেয়া হয়েছে এমন অভিযোগে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি ইকবাল আর্সলান। 
 
ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের ২ জানুয়ারি হাইকোর্ট রুল জারির পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগের প্রক্রিয়ার কার্যক্রম স্থগিত করে। পরে ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট চিকিৎসকদের নিয়োগকে অবৈধ ঘোষণা করে ২০১০ সালের ১৪ ডিসেম্বর রায় দেয়।