বিশ্বের বিকাশমান স্মার্টফোনের বাজারে একটা পাকাপোক্ত অবস্থান তৈরি করে নিয়েছে শাওমি। কম দামে উন্নত কনফিগারেশনের স্মার্টফোন এনে এই অবস্থান তৈরি করেছে চীনা কোম্পানিটি। চীনের অ্যাপল খ্যাত এই প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নিজেদের আরও একধাপ এগিয়ে রাখতে ‘শাওমি রেডমি ৩’ নামের অত্যাধুনিক ফিচারের আরও একটি হ্যান্ডসেট বাজারে আনে।
নতুন এই স্মার্টফোন ১২ জানুয়ারি চীনের বাজারের জন্য উন্মোচন করা হয়। রেডমি সিরিজের পূর্ববর্তী ফোনগুলো জনপ্রিয়তা পাওয়ায় নতুন এই ডিভাইস আনে শাওমি।
ডিভাইসটি এবার ভারতসহ বিশ্বের বিকাশমান স্মার্টফোন বাজারে আসছে। আগামী ৩ মার্চ থেকে ভারতের বাজারে ছাড়া হচ্ছে স্মার্টফোনটি। সোমবার শাওমির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ভারতের বাজারে স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে শাওমি। নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। শাওমির ভারতীয় ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে অনুষ্ঠানটি।
শাওমি রেডমি ৩ স্মার্টফোনে দীর্ঘ সময় ব্যাকআপের জন্য চার হাজার ১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডুয়াল সিমের এই ফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।
স্মার্টফোনটিতে ১২৮০*৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে ১.৭ গিগাহার্টজের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ও অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ললিপপভিত্তিক এমআইইউআই ৭ ব্যবহার করা হয়েছে।
র্যামের ভিন্নতায় দুইটি সংস্করণ রয়েছে স্মার্টফোনটির। প্রথমটি হচ্ছে ২ গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। আর দ্বিতীয়টি হচ্ছে ৩ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি।
ভিডিও ধারণ ও ছবি তোলার জন্য ফোনটিতে ১৬.০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫.০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
এন্ট্রি লেভেলের এই ফোনে সম্পূর্ণ মেটালের বডি রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটি ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস সমর্থন করবে।