কাশেম আলীর মামলায় তদন্ত সংস্থা-প্রসিকিউশনের কার্যক্রমে অসন্তোষ

মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের কার্যক্রমে গভীর অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
ফাঁসির রায়ের বিরুদ্ধে মীর কাশেম আলীর আপিল শুনানি চলাকালে এ অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। কিন্তু তারা সঠিকভাবে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা ও শুনানি করছেন না। এটা হতাশাজনক। 
 
তিনি বলেন, মীর কাশেম আলীর মামলার তদন্ত কাজ আরো সু্ষ্ঠু ও সুন্দরভাবে করা যেতো। 
 
এর আগে প্রধান বিচারপতি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের কার্যক্রমের সমালোচনা করে তাদেরকে সরিয়ে দেয়ার কথাও বলেছিলেন।
 
এদিকে কাশেম আলীর শুনানিতে যুক্তিতর্ক শুরু হয়েছে। উপস্থান করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাল বুধবার এটি শেষ হবে।
 
আজ মঙ্গলবার তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের কার্যক্রমের সমালোচনা করা হয় সে সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন তিনি।