বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে ভারত

 
বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে ভারত। মঙ্গলবার ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এই কথা জানিয়েছেন।
 
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা এবং আত্মত্যাগকারী মিত্রবাহিনীর সদস্যদের কথা স্মরণ করেন।
 
বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যান চলাচল শুরু হলে চার দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকান্ড আরও বাড়বে।
 
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে অরূপ রাহা দুই দেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় রয়েছে বলে মন্তব্য করেন। বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা আগের চেয়ে বেড়েছে বলে তিনি জানান।
 
দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলেও মনে করেন অরূপ রাহা।
 
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সময় উপস্থিত ছিলেন।