রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে জেএমবির সন্দেহভাজন চারজন সদস্যকে সোমবার রাতে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)। গ্রেফতারকৃতরা হলেন, হাফেজ জাফর আহম্মেদ, রাসেল আহম্মেদ রিংকু, আব্দুল্লাহ আল মঞ্জু ওরফে জাহাঙ্গীর ও মো.রাসেল উদ্দিন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের কাছ থেকে একটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যে জানা গেছে, তারা জেএমবির সক্রিয় সদস্য। তারা ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ, অর্থায়নসহ বিভিন্ন ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিল।