অবৈধভাবে গ্যাস ব্যবহার ও কারচুপির দায়ে ছয়টি শিল্প ও একটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (টিজিটিডিসিএল)। একইসাথে অবৈধভাবে স্থাপিত ৩৬ হাজার ৭৪ ফুট পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সম্প্রতি ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কোম্পানির বিশেষ পরিদর্শন ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ দলের পৃথক সাতটি অভিযানে এই গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের ঘটনা ঘটে। মঙ্গলবার টিজিটিডিসিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অনুমোদনের অতিরিক্ত লোডে গ্যাস ব্যাবহারের দায়ে এমবিয়েন্ট স্টিল (বিডি) লিমিটেড, হাইটেক স্টিল এন্ড রি-রোলিং মিলস্ এবং হিমালয় পেপার এন্ড বোর্ড মিলস্’র গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় । ঐ দিন ৮৮ লাখ ৬০ হাজার টাকার গ্যাস বিল বকেয়া থাকায় হারভেস্ট রিচ’র সংযোগ বিচ্ছিন্ন করে বিশেষ দল।
১৭ ফেব্রুয়ারি ২ লাখ ৬৯ হাজার টাকার গ্যাস বিল বকেয়া থাকায় নরসিংদীর গারনিশ সোয়েটার, এবং ৪৬ লাখ ১৪ হাজার টাকার বিল বকেয়া থাকায় রাজন শাকিল টেক্সটাইলের সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। ১৫ ফেব্রুয়ারি নরসিংদীতে আবাসিক সংযোগ হতে অবৈধ উপায়ে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহার করার কারণে একটি আবাসিক গ্যাস সংযোগ তাত্ক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।
এদিকে ১০ ফেব্রুয়ারিতে অভিযানকালে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় ৩ ইঞ্চি ব্যাসের ২ হাজার ৫০০ ফুট, ১৫ ফেব্রুয়ারিতে পূর্ব রামপুরায় ৩/৪ ইঞ্চি ব্যাসের ৩৫০ ফুট, ১৬ ফেব্রুয়ারিতে ধামরাই এলাকায় ১ ও ২ ইঞ্চি ব্যাসের ৬ হাজার ৫০০ ফুট, ১৭ ফেব্রুয়ারি নরসিংদী এলাকায় ২ ইঞ্চি ব্যাসের ৬ হাজার ৫৬২ ফুট, ১৬ ও ১৮ ফেব্রুয়ারি সাভারের বিভিন্ন এলাকায় ৩/৪ ইঞ্চি, ১ ও ২ ইঞ্চি ব্যাসের ২০ হাজার ১৬২ ফুটসহ মোট ৩৬ হাজার ৭৪ ফুট অবৈধভাবে স্থাপিত গ্যাস পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়।