বিয়ে হয়ে গেলে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা কমে যায় নায়িকাদের। অথচ বিয়ের পরেও কাজে ভাটা পড়েনি বিদ্যা বালনের। তার মতে, ছবিতে একটু বেশি বয়সী নায়িকাকে দেখতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছেন দর্শকরা।
ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্ট নিউজ সার্ভিসকে দেয়া এক সাক্ষাতকারে এই অভিমত জানিয়েছেন বিদ্যা। তিনি আরও জানিয়েছেন, ‘৩০ বছরের বেশি বয়সের অভিনেত্রীদেরও এখন আর কাজ পেতে সমস্যা হয় না। মনে হয়, দর্শক আরও পরিণত হয়েছেন।’
অল্পবয়স থেকেই শাড়ি পরেন বিদ্যা। এজন্য তাকে নানা সময় নানা কুকথাও শুনতে হয়েছে। কিন্তু কোনো সমালোচনাই তিনি গায়ে মাখেননি।
সেজন্য অল্পবয়সীদের জন্য বিদ্যার পরামর্শ, ‘কখনো অন্যের কথায় কান দিও না।’
২০১২ সালের ডিসেম্বরে সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করে সংসার শুরু করেন বলিউডের জনপ্রিয় এই তারকা।
প্রথম ছবি ‘পরিণীতা’ দিয়েই সবাইকে নিজের জাত চিনিয়েছিলেন বিদ্যা। এরপর ‘পা’ ছবিতে প্রোজেরিয়া আক্রান্ত অমিতাভের মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর স্টার স্ক্রিন পুরস্কার পান।