'প্রযুক্তি নিরপেক্ষ নীতি চায় বাংলালিংক'

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিখ অস বলেছেন, গ্রাহককে সর্বাধুনিক ডিজিটাল সেবা দিতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে বাংলালিংক। আর নতুন যাত্রায় খাপ-খাওয়ানোর প্রশ্নে কিছু কর্মীর সঙ্গে বাংলালিংকের বিচ্ছেদ ঘটে যেতে পারে। এ লক্ষ্যে কোম্পানির নেয়া ‘ভলান্টিয়ারি সেপারেশন স্কিম’ বা ‘স্বেচ্ছা বিচ্ছেদের কর্মসূচি’র মাধ্যমে যারা চলে যাবেন তারা কোম্পানির নিয়ম অনুযায়ী সমুদয় পাওনা পাবেন। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন বাংলালিংকের সিইও।
 
প্রযুক্তি নিরপেক্ষ নীতি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, প্রযুক্তি নিরপেক্ষ নীতি গ্রহণ করা হলে বেতার তরঙ্গের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং গ্রাহকরাও আরও উন্নত ডিজিটাল সেবা পাবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রবি ও এয়ারটেল একীভূত হওয়ার পর বেতার তরঙ্গ ব্যবস্থাপনার ক্ষেত্রে যেন বৈষম্যের সৃষ্টি হতে পারে, এমন উদ্বেগ রয়েছে। এ কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা তারা বেতার তরঙ্গ ব্যবস্থানায় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করবেন।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরিখ অস বলেন, অতীতে বাংলালিংকে অনিয়ম এবং শর্ত ভাঙার কারণে একাধিক কর্মীর চাকরিচ্যুতি হয়েছে, একাধিক সরবরাহ বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি বাতিল করা হয়েছে। বাংলালিংক কর্তৃপক্ষ অনিয়ম, দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।