জেএনইউ এর রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত দুই শিক্ষার্থীর আত্মসমর্পণ

‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে থাকা ভারতের প্রখ্যাত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দুই শিক্ষার্থী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এই দুই শিক্ষার্থী জেএনইউতে কথিত ‘ভারতবিরোধী’ স্লোগান দেওয়া এক প্রতিবাদ কর্মসূচির আয়োজনে সহায়তা করেছিলেন বলে জানিয়েছে বিবিসি।  
 
ওই প্রতিবাদ কর্মসূচির আয়োজকদের মধ্যে যাদের পুলিশ খুঁজছিল তাদের মধ্যে আত্মসমর্পণকারী উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যও ছিলেন। চলতি মাসের প্রথমদিকে একই অভিযোগে জেএনইউয়ের ছাত্র সংসদের প্রধান কানহাইয়া কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। কানহাইয়ার গ্রেপ্তারের প্রতিবাদে ভারতজুড়ে প্রতিবাদ বিক্ষোভ ও সহিংসতা হয়। ৯ ফেব্রুয়ারির ওই প্রতিবাদ কর্মসূচিতে ‘ভারত বিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। 
 
কানহাইয়াকে গ্রেপ্তারের পর প্রতিবাদ কর্মসূচির সঙ্গে জড়িত অন্যরা নিখোঁজ ছিলেন। কিন্তু রোববার রাতে বিশ্ববিদ্যালয়ে ফের তাদের দেখা যায়। তাদের গ্রেপ্তার করতে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করেনি। কিন্তু মঙ্গলবার রাতে উমর ও অনির্বাণ নিজ দায়িত্বে ক্যাম্পাস থেকে বের হয়ে পুলিশের কাছে ধরা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
 
এদের আত্মসমর্পণের পর অভিযোগের মুখে থাকা আশুতোষ কুমার, অনন্ত প্রকাশ নারায়ণ, রিয়াজুল হক ও রামা নাগার আত্মসমর্পণ দাবি করেছে পুলিশ। এসব অভিযোগকে মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা বলে নিন্দা করছেন সমালোচকেরা। কিন্তু ভারতের বিজেপি সরকারের মন্ত্রীরা অভিযোগ তুলে নিতে অস্বীকার করে ‘জাতীয়তাবিরোধী আচরণের’ জন্য শাস্তি নিশ্চিত করার কথা বলেছেন। উমর খালিদের সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ ই মোহম্মদের সম্পর্ক আছে বলে অভিযোগ করেছিল ভারতের স্থানীয় কিছু গণমাধ্যম। কিন্তু পরে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। বিবিসি।