দেড়যুগ পর সুনামগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন

দীর্ঘ দেড়যুগ পর আগামী বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর সম্মেলন হওয়ার কারণে জেলার নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। দল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আলোচনায় প্রাধান্য পাচ্ছে সম্মেলনের নানা দিক।

 
সম্মেলনে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীর যোগ দেয়ার কথা রয়েছে। সরকারি জুবীলী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।
 
প্রধান অতিথি হিসাবে সম্মেলনে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি ও উদ্বোধন করবেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
 
সম্মেলনে আরো যোগ দিবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবান গোলাপ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও কার্যনির্বাহী সদস্য এমএ মান্নান এমপি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
 
সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি মতিউর রহমান এবং সম্মেলন পরিচালনা করবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট।