ঝড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে অমর একুশে গ্রন্থমেলা। মেলার অধিকাংশ স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। মেলার মাঠে জমে গেছে হাটু পানি। এ অবস্থায় মেলা সাময়িক স্থগিত করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত ২৪তম দিনের মেলা অনুষ্ঠান নিয়ে শংকা ছিলই।
IMG0
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, পুরনো প্রকাশকরা কমবেশি প্রস্তুতি রেখেছিলেন বলে তাদের তেমন একটা ক্ষতি হয়নি। তবে নতুন প্রকাশকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকের স্টল প্রায় ধ্বসে পড়েছে।
এদিকে আজ বুধবার মেলা স্থগিত রাখার পক্ষেই মত দিয়েছেন প্রকাশকরা। হঠাত্ বৃষ্টিতে ক্ষতির শিকার প্রকাশকরা মেলা কর্তৃপক্ষকে দোষারোপ করছেন না। তবে মেলার সময় দুই/তিন দিন বাড়ানো এবং বাকি দিনগুলোতে দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চালু রাখার দাবি জানিয়েছেন তারা।
বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান বলেছেন, আমরা এখনো মেলা শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেলার গেটে দর্শণার্থীদের প্রচুর ভিড় রয়েছে। পানি নিষ্কাশনের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে প্রকাশকদের অভিযোগের মুখে মেলার আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখন অভিযোগের সময় নয়। এখন সংকট থেকে উত্তরণের সময়।
মেলার সময় বাড়ানোর দাবির বিষয়ে তিনি বলেন, হয়তবা সেটা সম্ভব হবে না। তবে বাকি দিনগুলোর ব্যবস্থা আরো সুন্দর করার ওপর জোরদেন তিনি।