৬ শিল্প ও এক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন

অবৈধভাবে গ্যাস ব্যবহার ও কারচুপির দায়ে ছয়টি শিল্প ও একটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (টিজিটিডিসিএল)। একই সাথে অবৈধভাবে স্থাপিত ৩৬ হাজার ৭৪ ফুট পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
 
সম্প্রতি ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কোম্পানির বিশেষ পরিদর্শন ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ দলের পৃথক সাতটি অভিযানে এই গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের ঘটনা ঘটে। মঙ্গলবার টিজিটিডিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অনুমোদনের অতিরিক্ত লোডে গ্যাস ব্যবহারের দায়ে এমবিয়েন্ট স্টিল (বিডি) লিমিটেড, হাইটেক স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস এবং হিমালয় পেপার অ্যান্ড বোর্ড মিলসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঐ দিন ৮৮ লাখ ৬০ হাজার টাকার গ্যাস বিল বকেয়া থাকায় হারভেস্ট রীচের সংযোগ বিচ্ছিন্ন করে বিশেষ দল।