স্বর্ণ চোরাচালান: বাংলাদেশ বিমানের ‘রাঙা প্রভাত’ আটক

বাংলাদেশ বিমানের ‘রাঙা প্রভাত’ উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করেছেন ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা। বুধবার সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবস্থিত উড়োজাহাজ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় উড়োজাহাজটি আটক করা হয়েছে।

জানা যায়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম সকালে শাহজালাল বিমান বন্দরের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে এবং বোর্ডিং ব্রিজ এলাকায় সতর্ক অবস্থান নেয়। এ সময় আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমানের বিজি ২২৮ ফ্লাইট বোর্ডিং ব্রিজ ৫ এ সংযুক্ত হয়। সকল যাত্রী বিমান থেকে নেমে যাওয়ার পরে কাস্টমসের প্রিভেন্টিভ টিম তল্লাশির জন্য বিমানে প্রবেশ করে। 

তল্লাশিকালে ৪৫বি সিটের হেলান দেওয়া অংশের নিচে কালো স্কচটেপে মোড়ানো ২টি প্যাকেট সিটের সঙ্গে সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। সন্দেহ হলে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে প্যাকেট খোলা হয়। এসময় তাতে ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক স্বর্ণের আনুমানিক বাজার দাম ২ কোটি ৩২ লাখ টাকার মতো। 

এ ঘটনায় ‘দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯’ অনুযায়ী চোরাচালানে ব্যবহার হওয়ায় উড়োজাহাজটি আটক করা হয়। 

ইত্তেফাক/জেডএইচ