রাবিতে ‘শিবির’ সন্দেহে ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে ‘শিবির’ সন্দেহে আটক করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের (সংস্কৃত) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল আউয়াল ও পরিস্যংখান বিভাগের রায়হান। তারা দুইজনেই ওই হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন।
 
জানা গেছে, রবিউলের চলাফেরায় সন্দেহ হলে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানকে জানানো হলে তিনি সেখানে উপস্থিত হয়ে রবিউলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশে হাতে তুলে দেয়।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা হলে অবস্থান করছিল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে কাছে সোপর্দ করা হয়।
 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘রবিউলের ফেসবুক ঘেটে দেখা গেছে, সে শিবিরের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতেন। এছাড়া তার কাছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের তালিকা পাওয়া গেছে। আর রায়হানকে সন্দেহ করে আটক করা হয়েছে।’