শিশু হত্যা বন্ধের বড় পথ সামাজিক সমাধান : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আমাদের দেশে প্রতিনিয়ত শিশু হত্যার ঘটনা ঘটছে। একজন নিরপরাধ শিশু, যে নিজের জীবন সম্পর্কে কিছুই বুঝে উঠতে পারেনি, সেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। সমস্যাটা কী, তা সামজ বিজ্ঞানের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকদের চিন্তা করতে হবে।
 
তিনি আরো বলেন, আমরা প্রত্যেকেই শিশু হত্যার নিন্দা জানাই, বিচার চাই, শাস্তি চাই। কিন্তু তারপরেও পত্র-পত্রিকায় শিশু হত্যার ঘটনা দেখতে পাই। এর সমাধান দুটো; একটা বিচারিক সমাধান অর্থাৎ বিচারের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। আর তারচেয়েও বড় সমাধান হচ্ছে সামাজিক সমাধান। সামজবিজ্ঞানের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের সে সমাধানের পথ বের করতে হবে।
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী ও তৃতীয় এ্যালামনাই সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক আরো বলেন, পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশের কথা বললে তারা আমাদের দেশের ৭১ এর মুক্তিযুদ্ধের কথা প্রথমেই স্মরণ করেন। কিন্তু এদেশে এখনো কিছু রাজনীতিবিদ আছেনÑযারা পাকিস্তানিদের হয়ে কাজ করেন।
 
সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমামের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিভাগের প্রাক্তন শিক্ষক ফজলুর রশীদ খান, খালিদ হাসান, আহবাব আহমেদ ও আব্দুল কাদির ভুঁইয়া। শুভেচ্ছা বক্তব্য দেন সমাজবিজ্ঞান এ্যালামনাই এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়লা আরজুমান্দ বানু।
 
দুপুরে দ্বিতীয় অধিবেশনে দ্বিতীয় অধিবেশনে ‘স্টেট অব ইমপারটিং ইডুকেশন ইন দ্যা ডিপার্টমেন্ট অব সোসিওলজি: চ্যালেঞ্জ অ্যান্ড অপারচুনিটি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম। তৃতীয় অধিবেশনে দুপুর ২টা ৩০ মিনিটে সমাজবিজ্ঞান বিভাগের ৫০ বছর: একটি পর্যালোচনা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এর আগে সকাল ৯ টায় বিভাগের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ মস আরেফিন সিদ্দিক।