খুলনায় বাবা হত্যায় ছেলেসহ চারজনের যাবজ্জীবন

খুলনায় বাবা অহেদ আলী সানা হত্যা মামলায় ছেলেসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর আসামি অহেদ আলী সানার স্ত্রীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- অহেদ আলীর ছেলে খয়বার আলী সানা (২৭) এবং হেলাল সানা (৩২), আসলাম সানা (২৭) ও অহেদুল গাজী (২৮)। রায় ঘোষণাকালে আসামি খয়বার ও হেলাল আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছে।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৫ মে সন্ধ্যায় খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী বাজারে মাগরিবের নামাজ আদায় করার পর অহেদ আলী সানা রাতে বাড়িতে ফেরেননি। পরে ২৭ মে সকালে কপোতাক্ষ নদ থেকে জেলেরা তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর নিহত অহেদ আলী সানার ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়। এতে তার অন্য ভাইদের সন্দেহ হয়। এ ঘটনায় অহেদ আলী সানার বড় ছেলে ওসমান আলী সানা ভাই খয়বার ও মাসহ পাঁচজনের নামে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১২ সালের ৩০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।