ভারতে স্কুল ও কলেজপড়ুয়া মেয়েদের মধ্যে ৫১ শতাংশ মেয়ে হয়রানির শিকার হন স্কুলে যাওয়া-আসার পথে। এছাড়াও অন্তত ৩২ শতাংশ মেয়েকে অনুসরণ করা হয় স্কুলে যাওয়া-আসার পথে বলে এক গবেষণায় জানা গেছে।
ছয়টি রাজ্যের স্কুলগামী ছেলেমেয়েদের নিয়ে এই গবেষণা পরিচালনা করে ব্রেকথ্রু নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান । কর্ণাটক, ইউপি, ঝাড়খণ্ড, বিহার, হরিয়ানা এবং দিল্লি থেকে নেওয়া উপাত্ত থেকে করা এই গবেষণায় প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে অনাকাঙ্ক্ষিত স্পর্শ ও চিমটি কাটার মত শারীরিক ও যৌন নিগ্রহের ঘটনাও ঘটে থাকে। এর মধ্যে ৪৭ শতাংশ ঘটনা ঘটে স্কুলে যাওয়ার পথে এবং ৪৮ শতাংশ ঘটে স্কুল থেকে ফেরার পথে।
প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর সোনালি খান বলেন, ‘স্কুলে যাওয়ার পথে যৌন নিপীড়ন মেয়েদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এতে স্কুল থেকে ঝরে পড়ার হাড় বেড়ে যায়। বাল্যবিবাহ ও অল্পবয়সে মা হয়ে যাওয়ার পেছনেও রয়েছে এই সামাজিক অনিরাপত্তা।’
প্রসঙ্গত, স্কুলগামী বালিকা ও কিশোরীদের যাত্রাপথ নিরাপদ করার উদ্দেশ্যে মেকইটসেফ নামে এক প্রচারণা শুরু করেছে ব্রেকথ্রু। এরই অংশ হিসেবে প্রকাশ করা হয় এসব তথ্য। টাইমস অব ইন্ডিয়া