অভিজিৎ হত্যা: ১ বছরেও কোনো গ্রেফতার নেই

 
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার ড. অভিজিৎ রায় হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। তবে গত এক বছরেও এই চাঞ্চল্যকর হত্যা মামলার কোনো আলোর মুখ দেখাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের দাবি অভিযুক্ত খুনিদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু এফবিআইয়ের রিপোর্টের অপেক্ষায় কাউকে গ্রেফতার দেখানো যাচ্ছে না। এর মধ্যে অন্তত দুই জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছে পুলিশ।
 
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো ১১ ধরনের আলামতের ডিএনএ পরীক্ষাও সম্পন্ন হয়েছে। ওই সব প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে ডিবি পুলিশ। প্রতিবেদন হাতে পাওয়া গেলেই এ ঘটনায় গ্রেফতারকৃত এবং সন্দেহভাজন বেশ কয়েকজনের সঙ্গে ডিএনএ প্রোফাইলিং করা হবে। তবে এ বিষয়ে অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় আজ সাংবাদিকদের বলেন, পুলিশ বারবার একই কথা বলে আসছে। ডিবি কার্যালয়ে যাওয়ার পর কর্মকর্তারা জানিয়েছেন এফবিআইয়ের রিপোর্টর অপেক্ষায় রয়েছেন তারা। অনেক দিন তো হয়ে গেল। তারপরও আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই। আশা করি তারা সফল হবে।
 
গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাতে খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক প্রকৌশলী অভিজিৎ রায়। আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ।
 

এ বিষয়ে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে পাঠানো আলামতের পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরই সম্ভাব্য খুনিদের সঙ্গে প্রোফাইলিং করে দেখা হবে। তিনি আরও বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের সময় দুইজন উপস্থিত থাকলেও এ ঘটনায় বিভিন্নভাবে আরও বেশ কয়েকজন জড়িত। তাদের চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুত এ মামলার সফল সমাপ্তি ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।