‘শাওমি এমআই ৪’ ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি বাজারে আসার পর থেকে ‘শাওমি এমআই ৫’ নিয়ে প্রযুক্তিবিশ্বে মাতামাতি শুরু হয়। দীর্ঘদিন ডিভাইসটির ব্যাপারে মুখে কুলূপ এঁটে রাখে শাওমি কর্তৃপক্ষ। এতে জল্পনা-কল্পনা-গুঞ্জন-মাতামাতি আরও বেড়ে যায়। তবে ডিভাইসটি উন্মোচনের মধ্য দিয়ে অবশেষে এই সবকিছুর অবসান হল।
বার্সেলোনা ও বেজিংয়ে একই সাথে সাংবাদিক সম্মেলন করে এমআই ৫ এর আগমনবার্তা ঘোষণা করল শাওমি। তিনটি মডেলে বাজারে পাওয়া যাবে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমের মতে, এমআই ৫ স্মার্টফোনটি হুয়াওয়ের মেট ৮ এর চেয়ে ৪০ শতাংশ সস্তা, স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭ এর চেয়ে ৫০ শতাংশ সস্তা এবং অ্যাপেলের আইফোন ৬এস -এর চেয়ে প্রায় ৬০ শতাংশ সস্তা।
জিএসএম অ্যারেনা জানিয়েছে, এমআই ৫ এর তিন সংস্করণের দাম যথাক্রমে ১ হাজার ৯৯৯, ২ হাজার ২৯৯ ও ২ হাজার ৬৯৯ ইউয়ান।
১ মার্চ থেকেই চীনে বুকিং শুরু হচ্ছে ডিভাইসটির। তারপরই ভারতসহ অন্যান্য দেশের বুকিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হবে।
এই কনফিগারেশনে উন্নত স্মার্টফোনটিতে থাকছে থ্রিডি সিরামিক কভার। স্টোরেজ ১২৮ জিবি। ৩ হাজার মেগাহার্টজ ব্যাটারি। ৫.১৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন।
সেই সঙ্গে থাকছে ফোরজি কানেক্টিভিটি এবং ৬০০ এমবিপিএস ডাউনলোড ক্ষমতা। মূল ক্যামেরা ১৬ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৪ মেগাপিক্সেল। ওজন ১২৯ গ্রাম।