ফেসবুকের অতিরিক্ত ব্যবহার স্বাভাবিকতা বহন করে না। এই আসক্তি মূলত মাদকাসক্তির পর্যায়ের। বিশেষ করে, কোকেন-সেবীদের বেশ কিছু মানসিক সমস্যা ফেসবুক আসক্তদের মাঝে এক সময় প্রকট আকারে দেখা দেয়। নতুন এক গবেষণা ফলাফলে এসব কথা বলা হয়েছে।
শুধু তাই নয়, ফেসবুকে আসক্তদের ব্রেইনও এক সময় কোকেন আসক্তদের ব্রেইন প্যাটার্নের মতো হয়ে যায়। সূত্র- টাইমস অব ইন্ডিয়া ও টেক টাইমস।
গবেষকরা জানিয়েছেন, অতিরিক্ত ফেসবুক ব্যবহার ব্রেইনের কমপালসিভ সিস্টেমের উপর প্রভাব ফেলে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তদের আচরণ কোকেন-সেবীদের মতো হয়ে যায়।
ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ও গবেষণায় অংশগ্রহণকারীদের একজন অফিয়ার টুরেল জানিয়েছেন, অতিরিক্ত ব্যবহারের কারণে ফেসবুক আসক্তরা একটা সময় তাদের আচরণ সংযত রাখার উদ্দীপনা হারিয়ে ফেলে। অবশ্য সংযত আচরণের সামর্থ্য তাদের থাকে।
ফেসবুক ব্যবহারের প্রভাব জানতে টুরেল ও তার সহকর্মীরা তাদের ২০ জন স্নাতক পর্বের শিক্ষার্থীর সহায়তা নিয়ে এই গবেষণা করেন।
গবেষকদের পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুক আসক্তদের মধ্যে কোকেন-সেবীদের মতো কোনো কিছু ভালো-মন্দ নিয়ে ভাবার মানবিক প্রবণতা কমে যায়। ফলে এদের মধ্যে অযথা ভয় পাওয়া, বিভিন্ন ইস্যুতে নিজেদের প্রত্যাহার করে নেয়া বা হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা বেড়ে যায়।
ডিজ্যাবিলিটি অ্যান্ড ট্রুমা শিরোনামে সাইকোলজিক্যাল রিপোর্ট নামের এক জার্নালে এই গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে।