ইসলাম ধর্মকে ‘অবমাননার’ অভিযোগে মিশরে তিন খ্রিস্টান কিশোরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সম্প্রতি তাদের প্রকাশিত এক ভিডিওতে নামাজ নিয়ে উপহাস করতে দেখা যায়।
মিশরের মধ্যাঞ্চলীয় মিনায়া প্রদেশের বেনি মাজারের আদালত বৃহস্পতিবার এসব দণ্ড ঘোষণা করে।রায় ঘোষণার সময় আদালত ভবনের চারপাশে কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল। ওই অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশের গাড়ি টহল দেয়।
ভিডিওটি তৈরি করেছে চার কিশোর। চতুর্থ এক কিশোরকে একই আদালত কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় কারণ তার বয়স ১৮ এর নিচে ছিল।
ভিডিও ফুটেজে ওই দুই কিশোরকে মুসলিমদের প্রার্থনা নিয়ে উপহাস করতে দেখা যায়। ওই কিশোরেরা দাবি করেছে, তারা ইসলামিক স্টেটের (আইএস) শিরশ্ছেদের ঘটনাগুলোকে ব্যঙ্গ করেছে, মুসলিমদের নয়।
কিশোরদের আইনজীবী মাহের নাগুইব এই রায়কে ‘অবিশ্বাস্য’ অভিহিত করে এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। মিশরে ধর্মাবমাননার দায়ে সর্বোচ্চ পাঁচবছরের কারাদণ্ড ও আর্থিক দণ্ডের বিধান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এই আইন বিলুপ্ত করার দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।