টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নিতে পারেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা। বৃহস্পতিবার আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে সেই কথারই আভাস দিয়েছেন চোট কাটিয়ে ফেরা এই ক্রিকেটার।
অবসর নিয়ে এক প্রশ্নের উত্তরে স্মিত হাসি হেসে তিনি বলেন, ‘এটা হতেও পারে!’ এরপর কিছুক্ষণ থেমেই নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা বলেন মালিঙ্গা। তিনি বলেন, ‘আমি শ্রীলঙ্কার হয়ে ১২ বছর ধরে খেলছি। এখন ৩২ বছর হয়ে গেছে। আমার চোট নিয়ে এটাই বলবো এখন যদি ফের চোট পাই তাহলে বিশ্রাম নেওয়া কষ্টকর। আর বিশ্রামে গেলেই বছর খানেক। আর এটা হলে ক্যারিয়ার শেষ হওয়ারই পথে! কারণ দেশের জন্য ভালো ক্রিকেট খেলতে হলে আমাকে সেরা নৈপুণ্যটাই দিতে হবে। কিন্তু আমার মনে হয় না আমি পুরোপুরি এই চোট সারিয়ে উঠতে পারবো। তবে চেষ্টা থাকবে এ নিয়ে কাজ করার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলের অভিজ্ঞ একজন ক্রিকেটার মন্তব্য করে বলেন, তাই আপাতত বিশ্রাম নয়, ক্যারিয়ারের শেষ সময়টাতে সেরাটাই দিতে চাই। এটা হতে পারে কয়েক মাস বা কয়েক বছর।’
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা।