সোয়ান গার্মেন্টস খুলে দেয়ার দাবি টিইউসির

আলোচিত সোয়ান গার্মেন্টস কারখানা খুলে দেয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। সেই সঙ্গে বন্ধ থাকা অবস্থায় ওই কারখানার শ্রমিকদের প্রাপ্য মজুরিসহ অন্যান্য পাওনা পরিশোধ, সব শ্রমিকের কাজে নিয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়। শুক্রবার রাজজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে শ্রমিক নেতারা এ দাবি তোলেন।
 
সংগঠনের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে এ সময় শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের আইনানুগ পাওনা থেকে বঞ্চিত করার লক্ষ্যে সোয়ান গ্রুপের সম্পদ লুটপাটের হীন ষড়যন্ত্র চলছে। টানা বিশ দিন প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হলেও শ্রমিকদের মৌলিক দাবি মেনে নেয়া হয় নি। সম্প্রতি হাইকোর্ট কর্তৃক কারখানার মালিকানা নির্ধারণ করা হলেও কারখানা চালু করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এক্ষেত্রে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তাদের দায় এড়াতে পারে না। মালিকপক্ষের একাধিক ব্যক্তির নামে শ্রম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।
 
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক কাজী রুহুল আমিন, জয়নাল আবেদীন, মোহাম্মদ শাহজাহান, জাকির হোসেন, মিলন মিয়া প্রমুখ।