এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৩৪ রানের টার্গেট দেয় টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভার ৪ বলে ৮২ রান করেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। ফলে ৫১ রানে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া ১৩৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে পড়ে আরব আমিরাত। বাংলাদেশের পেসারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা যা ১৭তম ওভারের শেষ অব্দি চলে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং নেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। শুরুটা ভালোই হয়েছিলো বাংলাদেশের। কিন্তু শেষটা ভালো হয়নি।
দলীয় ৪৬ রানের বাংলাদেশের প্রথম উইকেটের বিদায় হয়। ব্যক্তিগত ২১ রানে আউট হন সৌম্য সরকার। আগের ম্যাচের সফল ব্যাটসম্যান সাব্বির রহমান আজ ভালো করতে পারেননি। স্বভাব বিরুদ্ধ ১২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর মোহাম্মদ মিঠুনও আউট হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ। শেষের দিকে মাহমুদউল্লাহ ছাড়া আর কেউই অবশ্য উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।