রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজধানীর হাজারীবাগে রাম দুলালী (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 
 
শুক্রবার দিবাগত রাতে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী কিষাণ দাস। শনিবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
স্বামীর মারধরের কারণেই ওই গৃহবধূ মারা গেছেন বলে অভিযোগ করেছে তার স্বজনরা।
 
নিহত রাম দুলালীর বাবা লাল দাস অভিযোগ করে জানান, স্বামীর নির্যাতনেই তার মেয়ের মৃত্যু হয়েছে। এর আগেও বিভিন্ন সময় রাম দুলালীকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা।
  
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে নিহত গৃহবধূর স্বামী জানান, গতরাতে বাথরুমে জ্ঞান হারিয়ে ফেলেন তার স্ত্রী। এরপর তিনি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানায় জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।