সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর হচ্ছে কিনা তা মূল্যায়ন করতে গঠিত একটি বিশেষ টাস্ক ফোর্স শনিবার এখানে বৈঠকে বসবে। অস্ত্রবিরতি লংঘন মোকাবেলা এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফাপি।
শুক্রবার মধ্যরাতে ঐতিহাসিক অস্ত্রবিরতি কার্যকরের কিছুক্ষণ পর জাতিসংঘ দূত স্ট্যাফান দ্য মিসতুরা বলেন, প্রাথমিক খবরে যুদ্ধ 'থেমে গেছে' বলে ধারণা করা হচ্ছে। তবে একটি ঘটনার তদন্ত করা হচ্ছে।
জেনেভায় তিনি বলেন, মাঠে কি ঘটছে তা পর্যবেক্ষণ ও পরীক্ষা করতে ১৭ জাতির আন্তর্জাতিক সিরিয়া সহায়তা গ্রুপের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স বৈঠকে বসবে।
দ্য মিসতুরা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কোন ধরণের ঘটনা ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রণ ও থামানো হবে। আর এটাই হবে পরীক্ষা।
অস্ত্রবিরতি মূল্যায়নের জন্য গঠিত টাস্ক ফোর্সের কো-চেয়ার যুক্তরাষ্ট্র ও রাশিয়া জেনেভায় জাতিসংঘ অপারেশন সেন্টারের পাশাপাশি মস্কো, ওয়াশিংটন ডিসি, লাটাকিয়া ও আম্মানে পৃথক অপারেশন সেন্টার গঠন করেছে।
দ্য মিসতুরা বলেন, এসব সেন্টার অস্ত্রবিরতি লংঘনের ব্যাপারে তথ্য সংগ্রহ করবে এবং জাতিসংঘ তা বিশ্লেষণে সহায়তা করবে। আর যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ ধরণের ঘটনা মোকাবেলায় প্রাথমিক কাজ করবে।
সিরিয়ায় পাঁচ বছরের যুদ্ধের অবসানে অস্ত্রবিরতি চুক্তিকে সবচেয়ে বড় কূটনৈতিক প্রচেষ্টা বলে বিবেচনা করা হচ্ছে। তবে এর আগেও কয়েকবার শান্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবারের চুক্তির কার্যকারিতা নিয়েও কারো কারো সন্দেহ আছে।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার ও ৯৭ টি সশস্ত্র গোষ্ঠী এ চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে চুক্তির আওতায় আইএস ও অন্যান্য জঙ্গি সংগঠন পড়বে না। তাদের ওপর হামলা অব্যাহত থাকবে।
দ্য মিসতুরা বলেন, তিনি আগামী ৭ মার্চ থেকে নতুন করে সিরীয় শান্তি আলোচনা শুরুর আহ্বান এবং প্রাথমিকভাবে তা তিন সপ্তাহ ধরে চালানোর পরিকল্পনা করছেন। এএফপি।