ঢাবি এসএম হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপন বিশ্বাসের ওপর ছাত্রলীগ হামলা করেছিল দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসী কার্যকলাপের জন্য শিক্ষা ব্যবস্থা আজ হুমকির মধ্যে। দেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্রদলের নেতাদের উপর হামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে বারবার কলুষিত করছে ছাত্রলীগ।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান খান সুমন জানান, শিপনের মাথায় ধারালো অস্ত্রের কোপে তীব্র রক্তখরণ হয়, তার ডান হাতের কবজি ও সামনের বেশ কয়েকটি দাঁত ভেঙ্গে গেছে, ডান পাসহ শরীরের অসংখ্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, সে এখন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছে।
অন্যদিকে তাদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি মো. আল-মেহেদী তালুকদার এবং সাধারণ সম্পাদক মো.বাশার সিদ্দিকী।