ভিয়েতনামে জলপ্রপাতের নিচে পড়ে ৩ ব্রিটিশ নিহত

ভিয়েতনামের একটি জলপ্রপাতের নিচ থেকে তিন ব্রিটিশ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তারা জলপ্রপাতের প্রবল স্রোতের মধ্যে পড়ে প্রাণ হারান। তাদের গাইডের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তুয়োই ত্রি পত্রিকার খবরে বলা হয়েছে, ভিয়েতনামের মধ্যাঞ্চলের দালাত নগরীর বাইরে জলপ্রপাতের নিচ থেকে শুক্রবার দুই নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছেন ত্রাণকর্মীরা।
 
দাতানলা জলপ্রপাত রোমাঞ্চকর পর্যটনের জন্য জনপ্রিয়। তাদের ২৬ বছর বয়সী গাইড বলেন, জলপ্রপাতের কাছে লাইফজ্যাকেট পরে তিন ব্রিটিশ পর্যটন সাঁতার কাটছিলেন। একপর্যায়ে প্রবল স্রোতর তারা ভেসে যান এবং পর্বতের গায়ে ধাক্কা খান।
 
তুয়োই ত্রি পত্রিকার খবরে বলা হয়, দুই নারীর একজনের বয়স ১৮ বছর ও অন্যজনের বয়স ২৫ বছর। আর পুরুষ পর্যটকের বয়স ২৫ বছর। তাদের লাশ হো চি মিন নগরীতে পাঠানো হয়েছে।
 
হ্যানয়ে ব্রিটিশ দূতাবাস শুক্রবার দালাতের কাছে তিন ব্রিটিশ পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, দূতাবাস তাদের পরিবারকে সহায়তা করছে।
 
এক বিবৃতিতে ব্রিটিশ দূতাবাস জানায়, ‘এই কঠিন সময়ে তাদের পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি।’