সোমবার শুরু জাতীয় মহিলা হকি

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি-২০১৬।’ আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতা চলবে ৬ মার্চ পর্যন্ত।
শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
 
উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। 
 
সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। দলগুলো হল- নড়াইল জেলা, রংপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, দিনাজপুর জেলা, পটুয়াখালী জেলা, ঝিনাইদহ জেলা, ঢাকা জেলা, রাজশাহী জেলা ও ঠাকুরগাও জেলা। ৯টি দলকে ৩টি গ্রুপে ভাগ করে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচটি এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। 
 
এবারের জাতীয় মহিলা হকিতে প্রাইজমানি থাকছে ১ লাখ টাকা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানার আপ দল ট্রফি ও ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগোরির সেরা পাঁচজন খেলোয়াড়কে ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। 
 
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় মহিলা হকি লিগ ছাড়াও আরো দুটি টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে। আসলে ওয়ালটন গ্রুপ স্বল্প সময়ে শুধু হকি নয়, সব ধরণের খেলাধুলায় যেভাবে পৃষ্ঠপোষকতা করছে সেটা ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। সংগঠক হিসেবে আমাদের জন্যও সেটা খুশির। কারণ, যেখানে স্পন্সর পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় সেখানে ওয়ালটন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের আমি স্যালুট জানাই। আশা করব ভবিষ্যতেও ওয়ালটন গ্রুপ হকির পাশে থাকবে।’
 
এ বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় মহিলা হকির প্রথম দুটি আসর অনুষ্ঠিত হয়। আসলে আমরা প্রত্যেকটি ডিসিপ্লিনের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় ওয়ালটন গ্রুপ তৃতীয়বারের মতো জাতীয় মহিলা হকিতে পৃষ্ঠপোষকতা করেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সের উন্নতি করতে পারবে। পাশাপাশি তারা আর্থিকভাবেও কিছুটা লাভবান হবে। আমরা হকির উন্নয়নে আরো কিছু প্রস্তাব পেয়েছি। আমাদের জাতীয় দল, মহিলা দলকে আরো শক্তিশালী করতে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে ওয়ালটন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে।’