নাইন ইলেভেনের পর ধর্মকে সন্ত্রাসবাদের হাতিয়ার হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এক্ষেত্রে বিশেষ একটি ধর্মকে উদ্দেশ্যমূলকভাবে ব্যাবহার করা হয়। এমনকি প্রগতিশীলরাও ধর্মের ভুল ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো ধর্মকে অপব্যাবহার করে হরতাল ডেকে নির্দোষ মানুষকে হত্যা, ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনভাবেই ইসলাম সম্মত হতে পারেনা।
শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘দুদিনব্যাপী জাতীয়তাবাদ ও ধর্ম’ শীর্ষক জাতীয় সম্মেলনের প্রথম দিনের প্রবন্ধ উপস্থাপনে বক্তারা এসব কথা বলেন।
শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক মানস চৌধুরী। সম্মেলনের প্রথম দিন চারটি বিষয়ে মোট ১৩টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে মোট ১২টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনে দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে আগত অর্ধশতাধিক শিক্ষক-গবেষক ও শতাধিক শিক্ষার্র্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।