শুরুতেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

ভারত পাকিস্তান খেলা মানেই অন্যরকম রোমাঞ্চ। ‘ধ্রুপদী’ লড়াইয়ের জন্যও ঠিক তেমনটা আগ্রহ ও রোমাঞ্চ ছড়িয়ে যায়। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। বিশ্বক্রিকেটের সবচেয়ে আলোচিত ও জমজমাট লড়াই। ভারত ও পাকিস্তানের মানুষের কাছে এটি শুধু ক্রিকেট ম্যাচই নয়, মর্যাদার লড়াইও। মাঠে খেলেন শুধু ২২ জন; কিন্তু মাঠের বাইরে গলা ফাটান শত কোটি মানুষ।
 
রাজনৈতিক বৈরিতার কারণে অনেকদিন ধরেই দুই দেশের মধ্যে কোনো ম্যাচ হয়না। এবার মুখোমুখি হল, তাও আবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার লড়াইয়ে। তবে শনিবার এশিয়া কাপের চতুর্থ ম্যাচে টসে হেরে চাপেই রয়েছে পাকিস্তান।
 
প্রথমে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতের অধিনায়ক ধোনি। আর অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে চলেছে ভারতীয় বোলাররা। নেহরা, বুমরার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ রান না পেরোতেই ছয় উইকেট হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের খুররাম মনজুর ছাড়া দুই অঙ্কে পৌছাতে পারেনি পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই।
 
ক্রিজে এসে হতাশ করেছেন আফ্রিদি ও হাফিজের মতো তারকা ব্যাটসম্যানরাও। এখন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৪২।