এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৮৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। শনিবার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ভারতীয় বোলাররা।
হারি পান্ডে নেন সর্বোচ্চ তিন উইকেট। জাদেজা নেন দুটি। আর যুবরাজ সিং, আশিষ নেহরা ও বুমরা নেন একটি করে উইকেট।
ভারত পাকিস্তান খেলা মানেই অন্যরকম রোমাঞ্চ। ‘ধ্রুপদী’ লড়াইয়ের জন্যও ঠিক তেমনটা আগ্রহ ও রোমাঞ্চ ছড়িয়ে যায়। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মানুষের কাছে এটি শুধু ক্রিকেট ম্যাচই নয়, মর্যাদার লড়াইও। মাঠে খেলেন শুধু ২২ জন; কিন্তু মাঠের বাইরে গলা ফাটান শত কোটি মানুষ।
রাজনৈতিক বৈরিতার কারণে অনেকদিন ধরেই দুই দেশের মধ্যে কোনো ম্যাচ হয়না। এবার মুখোমুখি হল, তাও আবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার লড়াইয়ে। তবে শনিবার এশিয়া কাপের চতুর্থ ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানরা যেন অসহায় হয়ে পড়লো ভারতীয় বোলারদের কাছে।
দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন সরফরাজ আহমেদ। আর খুররাম মনজুর(১০) ছাড়া দুই অঙ্কে পৌছাতে পারেনি পাকিস্তানের কোনো পাকিস্তানি ব্যাটসম্যানই। ক্রিজে এসে হতাশ করেছেন আফ্রিদি ও হাফিজের মতো তারকা ব্যাটসম্যানরাও।
ভারতের বোলাররা অতিরিক্ত ১৫ রান না দিলে আরও ছোটোই হতো পাকিস্তানের স্কোরকার্ড।