যুদ্ধবিরতির মধ্যেই দামেস্কে গোলা বর্ষণ

 
সিরিয়ার রাজধানী দামেস্কের কয়েকটি আবাসিক এলাকায় শনিবার গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, বিশ্ব শক্তিগুলোর মধ্যস্থতায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই এ গোলাবর্ষণের ঘটনা ঘটে। দেশটির অন্যান্য এলাকা থেকেও সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে স্বল্পমাত্রায় সংঘাতের খবর পাওয়া গেছে।
 
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়, মধ্যরাতে যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর রুশ বোমারু বিমানগুলো উড্ডয়ন করেনি। ফলে অনেকটাই নীরব হয়ে এসেছে সিরিয়ার রণাঙ্গন।
 
গত শুক্রবার হঠাৎ করেই বিদ্রোহীদের ওপর হামলা জোরদার করেছিল রুশ বাহিনী।
 
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সানা জানিয়েছে, কয়েকটি সন্ত্রাসী দল দামেস্কের পূর্বাঞ্চলের উপকণ্ঠে বেশক’টি রকেট নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের খবর জানা যায়নি। সূত্র: বিবিসি