বড় পর্দার ফোনের প্রতি অনেকেরই রয়েছে বাড়তি আগ্রহ। এই গোত্রের গ্রাহকদের ধরতে বড় পর্দার এক ফ্যাবলেট ফোন আনছে এইচপি। ‘এলিট এক্স৩’ নামের এই ডিভাইস মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬-তে উন্মোচন করে সংশ্লিষ্টরা।
চলতি বছরের গ্রীষ্মেই ফোনটি বাজারে আসবে বলে জানিয়েছে এইচপি কর্তৃপক্ষ।
ডিভাইসটিতে বেশ কিছু ল্যাপটপ ফিচার পাওয়া যাবে। নতুন এই ফ্যাবলেটে ডকের মাধ্যমে মনিটর, মাউস এবং কিবোর্ড সংযুক্ত করে খুব সহজেই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মতোই ব্যবহার করা যাবে। একে ফ্যাবলেটের মতো ব্যবহার করলে ফোনের ইন্টারফেস এবং ল্যাপটপের মতো ব্যবহার করলে কম্পিউটারের ইন্টারফেস পাওয়া যাবে।
প্রায় একই ধরনের ফিচারে লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্সএল বাজারে আনে মাইক্রোসফট। ডিভাইস দুটি ভালোই সাড়া জাগিয়েছে। জনপ্রিয়তা পেতে লুমিয়ার পথেই হাঁটছে এইচপি।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটিতে ২৫৬০x১৪৪০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ কোয়াড কোর থাকছে। ৪ জিবি র্যামের এই ফোনে ৬৪ জিবি ইন্টারনাল মেমরি সুবিধা পাওয়া যাবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির সামনে ৮ মেগাপিক্সেল এবং পেছনে ১২ মেগামিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
এতে আরও আছে ইউএসবি টাইপ সি পোর্ট, ডুয়াল সিম ও ব্যাং অ্যান্ড ওলুফসেন সাউন্ড সিস্টেমের ডুয়াল স্পিকার।
নতুন এই ফ্যাবলেটটির মূল্য কত হবে এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।