ভিডিও গেমের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলা কিছু নেই। আমাদের দেশে মূলত শিশু-কিশোর বা তরুণরা ভিডিও গেম খেলে থাকে বেশি। এতে বিরক্ত, ক্ষেত্র বিশেষে ক্ষুব্ধ হয়ে থাকেন অভিভাবকরা। ভিডিও গেমকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে থাকেন তারা। তবে গেমারদের উপর ভিডিও গেমের ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের প্রভাবই আছে। এক দল বিশেষজ্ঞ মনে করেন, ভিডিও গেম গেমারদের আগ্রাসী করে তোলে। আর আরেক দল মনে করেন, ভিডিও গেম গেমারদের হাত ও চোখের কাজের সমন্বয়ে ভূমিকা রাখে।
এবার ভিডিও গেম নিয়ে নতুন এক তথ্য পাওয়া গেছে। আর তা হল গেমারদের স্মরণশক্তি বাড়াতে কাজ করে ভিডিও গেম।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানীদের পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই গবেষণার প্রতিবেদন সম্প্রতি জার্নাল অব নিউরোসাইন্সে প্রকাশ করা হয়েছে।
গবেষণা ফলাফল অনুযায়ী, সুপার মারিও থ্রিডি ওয়ার্ল্ড গেমটি দুই সপ্তাহেই মানুষের স্মরণশক্তি ১২ শতাংশ পর্যন্ত বাড়াতে সাহায্য করে।
এ ব্যাপারে ক্রেইগ স্টার্ক নামের একজন গবেষক জানান, থ্রিডি গেমের পরিসর টুডি গেইমের চেয়ে বড়। ফলে এতে এমন অনেক বিষয় থাকে যা গেমারদের মনে রাখার সামর্থ্য বাড়িয়ে দেয়।
আগে কখনো ভিডিও গেইম খেলেননি এমন শিক্ষার্থীদের বাছাই করে তাদের অ্যাংরি বার্ডস (মোবাইলের টুডি গেম) অথবা সুপার মারিও থ্রিডি ওয়ার্ল্ড খেলতে দেয়া হয়। দুই সপ্তাহে প্রতিদিন ৩০ মিনিট করে গেমগুলো খেলেন শিক্ষার্থীরা।
থ্রিডি গেম খেলার আগে ও পরে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি পরীক্ষা করা হয়। বিভিন্ন চিত্র মনে রাখার কাজ দেয়া হয় তাদের। এতে দেখা যায়, থ্রিডি গেম খেলার আগের তুলনায় পরবর্তীতে শিক্ষার্থীদের চিত্র স্মরণ রাখার সক্ষমতা প্রায় ১২ গুণ বেড়েছে।