‘অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে হবে’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে সাংস্কৃতিক চর্চ্চার বিকাশ ঘটাতে হবে। সাংস্কৃতিক চর্চা ঢাকা কেন্দ্রীক না রেখে তৃণমূল পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে হবে।
 
শনিবার পাবনার ঈশ্বরদীতে একুশে বই মেলার তৃতীয় দিনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, বিগত সময়ে সাংস্কৃতিক চর্চ্চা প্রসার না হয়ে সঙ্কুচিত হয়েছে। ১৯৭৩ সালে মঞ্চ নাটক শুরু হয়। তখন সবকিছু ম্যানুয়াল ছিল, এখন সবকিছু আধুনিক হয়েছে। কিন্তু ডেডিকেটেড কর্মী নেই। অবকাঠামোগত উন্নয়নের চেয়ে মানুষ তৈরি করা জরুরি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. খলিলুর রহমান, পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার আলমগীর কবীর, ইউনিলিভার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি ও সাহিত্যিক সোহানী হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা চান্না মণ্ডল, ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথা।
 
মেলা আয়োজক কমিটির সদস্য সচিব শহীদুল শাহীনের সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ইফতেখার আলম ইন্টু। এ সময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু, যুবলীগের সভাপতি আব্দুস সালাম খান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির আলী হিরু ও ছাত্র লীগের সভাপতি যুবায়ের বিশ্বাস প্রমুখ।