দেখতে কিছুটা চাবির রিং এর মতো, কারো কাছে গিটারের পিকও মনে হতে পারে। কিন্তু আদতে এটি অলঙ্কার, তাও আবার ১১ হাজার বছর পুরোনো। এমনটাই দাবি করলেন গবেষকরা।
গবেষকদের দাবি, অলঙ্কারগুলো প্রস্তরযুগে নির্মিত। আর এটাই এখন পর্যন্ত সবচেয়ে পুরাতন অলঙ্কার। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ধর্মীয় পন্ডিত বা কবিরাজ এটা পরিধান করে থাকতে পারেন।
এমন ব্যাক্তিদের বলা হতো ‘শ্যামেন’। তাদের কাজই ছিল যাদু-টোনার মাধ্যমে অশুভ শক্তিকে বিদায় করা। সেসময়ের মানুষরা বিশ্বাস করতো তাদের মাঝেই অশুভ শক্তি বিরাজ করতো।
গবেষকরা জানান, এই পাথরগুলো আনুমানিক ১১ হাজার ৬০০ বছর আগে তৈরি করা। বস্তুগুলোর উচ্চতা ৩ মিমি। এছাড়া দৈর্ঘ্য ১ দশমিক ৩৮ ইঞ্চি এবং প্রস্থ ১ দশমিক ২২ ইঞ্চি। যখন এটি প্রথম আবিস্কার করা হয়, তখন এর গায়ের রেখাগুলো খুবই অস্পষ্ট ছিল। এখন রেখাগুলো খেয়াল করলে দেখা যায় একটি গাছ, ম্যাপ ও ট্যালি মার্কও আছে।
ম্যানচেস্টার, ইয়র্ক ও চেস্টার বিশ্ববিদ্যালয় এর একদল গবেষক প্রথম এটি আবিস্কার করেন। ইয়র্ক এর প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক নিকি মিলনার বলেন, এতটা দুর্লভ প্রত্ন আবিস্কার করা সত্যিই দারুণ ছিল। আমরা শুধু ধারণাই করতে পারি। কিন্তু আদতে এটা বহু পুরোনো এক রত্ন। ডেইলি মেইল