পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টর আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আছি দেশ গড়ার জন্য। দেশকে এগিয়ে নেয়ার জন্য। এ লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। যতদিন না দেশের কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে ততদিন আমাদের ঐক্য অটুট থাকবে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকায় ‘হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর কার্যকর ভূমিকায় পানি উন্নয়ন বোর্ড কার্যকর হয়েছে। হাওরাঞ্চলের জন্য গঠিত হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর হাওরাঞ্চলের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমিন্ত্রী এম মান্নান, পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আফরোজা মোয়াজ্জেম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল হাই বাকী, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, জেলা শ্রমিকলীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, জাপা নেতা নূরুল ইসলাম মাস্টার, জাপা নেতা আব্দুল কাদের ও মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
অনুষ্ঠানের আগে বিশেষ অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমিন্ত্রী এম মান্নান, পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীককে সাথে নিয়ে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন পানি সম্পদমন্ত্রী। পরে মন্ত্রী সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।