সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি আদায় ঠেকাতে মালিক ও চালকদের ওপর কড়া নজরদারি রাখতে বলেছে সংসদীয় কমিটি। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি একাব্বর হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নতুন ভাড়া নির্ধারণের পর কিছুদিন পর্যন্ত চালকরা সঠিক ভাড়া নিচ্ছিল। এখন আবার আগের মতো শুরু করেছে। বেড়েছে যাত্রীদের হয়রানিও। এজন্য কমিটি মন্ত্রণালয়কে কঠোর হওয়ার সুপারিশ করেছে। পাশাপাশি মালিকরাও চালকদের কাছ থেকে সরকারি নির্দেশনার চেয়ে বেশি টাকা নেয়। এজন্য মালিকদেরও নজরদারির আওতায় আনার জন্য বলা হয়েছে।
এ দিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে অটোরিকশাগুলোতে বাড়তি ভাড়া আদায় করা ঠেকাতে মালিক ও চালকদের ওপর নজরদারি বাড়াতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
গত বছরের নভেম্বর ভাড়ার নতুন হার নির্ধারণের পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিটার চালু রাখার বিষয়ে কড়াকড়ি আরোপের ঘোষণা দিলেও সড়কে তার প্রতিফলন না থাকায় যাত্রীদের দুর্ভোগ কমেনি।
চালকদের অভিযোগ, অটোরিকশার মালিকরা সরকারি নির্দেশনার চেয়ে বেশি জমার টাকা নেওয়ায় বাধ্য হয়ে বেশি ভাড়া চাইছেন তারা।
২০০৩ সালের জানুয়ারি থেকে সাধারণ যাত্রীদের জন্য ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা সেবা চালু হয়। আগের দুই স্ট্রোক বেবি ট্যাক্সি / স্কুটারের স্থলে আসে চার স্ট্রোকের সিএনজিচালিত এই গাড়ি।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম আউয়াল , রেজওয়ান আহাম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মনিরুল ইসলাম ও লুত্ফুন নেসা।