অল্প রানেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। দুই ওপেনারের পর ম্যাচের পঞ্চম ওভারে রান আউটের শিকার হন মুশফিক। সাব্বির রহমানের ব্যাটে ভর করে ম্যাচে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ। রবিবার এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় ২ রানের মাথায় ২ ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেসময় কুলাসেকারের এক ওভাবে ৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে বাংলাদেশকে কিছুটা চাপমুক্ত করেন সাব্বির। ওই এক ওভারেই ১৮ রান করে বাংলাদেশ। কিন্তু পরের ওভারেই রান আউটের শিকার হন মুশফিকুর রহিম।
এর আগে দলীয় দুই রানের মাথায় প্যাভিলিযনে ফিরে বাংলাদেশের দুই ওপেনার। কোনো রান না করেই আউট হয়ে গেছেন বাংলাদেশি ওপেনার মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে শূন্য রানে সাজঘরে ফেরেন বাংলাদেশি ওপেনার মোহাম্মদ মিঠুন। পরের ওভারেই কুলাসেকারার বলে ম্যাথিউসের তালুবন্দী হন সৌম্য।
এর আগে এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রবিবার ফাইনালে উঠার স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
চলমান এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও পরের ম্যাচে আমিরাতকে হারিয়ে এখনো প্রতিযোগিতায় টিকে আছে টাইগাররা। এদিকে নিজেদের প্রথম ম্যাচে আমিরাতকে হারিয়ে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কাও।