খুলনায় পুত্রবধূ হত্যা মামলায় শ্বশুরের যাবজ্জীবন

খুলনায় পুত্রবধূ রানী বেগম হত্যা মামলায় শ্বশুর মালেক হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
রবিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
 
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ জুলাই খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনীর পশ্চিমপাড়া গ্রামের মালেক হাওলাদার তার পুত্রবধূ রানী বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত রানী বেগমের ছেলে রাসেল হাওলাদার দাদা মালেক হাওলাদার, দাদি মানছুরা বেগম ও ফুফু আনোয়ারা বেগমকে আসামি করে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দাদি মানছুরা বেগম ও ফুফু আনোয়ারা বেগমের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।