কিছু ফোনে আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ

দিন দিন ব্যবহারকারী বেড়েই চলেছে হোয়াটসঅ্যাপের। বছর প্রতি এই মেসেঞ্জার সেবার ব্যবহারকারীর বৃদ্ধির হার ৫০ শতাংশ। আরও বেশি সংখ্যক ব্যবহারকারী পেতে সময়ে সময়ে অ্যাপটিতে নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে। যার দরুন ফেসবুকের অধীন এই অ্যাপের ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।
 
এই অবস্থায় বেশ কিছু পুরনো সংস্করণের অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের সেবা পাওয়া যাবে না। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নিজেদের সাইটে এই ঘোষণা দিয়েছে।
 
যে সব ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না সেগুলো হল ব্ল্যাকবেরি  (বিবি ১০-সহ), সিমবায়ান ৪০, সিমবায়ান ৬০, অ্যান্ড্রয়েড ২.১, অ্যান্ড্রয়েড ২.২, উইন্ডোজ ফোন ৭.১।
 
চলতি বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা শুরু হবে বলেও ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
 
এর কারণ সম্পর্কে অ্যাপ সংশ্লিষ্টদের বক্তব্য, ৯৯ শতাংশ মোবাইল ব্যবহারকারীরা এই ডিভাইসগুলি ব্যবহার করেন না। তাই এই সিদ্ধান্ত। অর্থাৎ যারা এই ডিভাইসগুলি ব্যবহার করছেন তাদের অচিরেই নতুন ফোন কিনতে হবে।
 
২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় অধিগ্রহণের চুক্তি। ২০১৪ সালের আগস্টে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬০ কোটি, যা ২০১৫ সালের শুরুতে এসে ৭০ কোটিতে পৌঁছায়।
 
২০০৯ সালে বার্তা আদান-প্রদানের অ্যাপ হিসেবে যাত্রা শুরু করে হোয়াটসঅ্যাপ। এখন প্রতিটি মোবাইল প্ল্যাটফর্মে রয়েছে এই অ্যাপটি। স্কাইপ ও ভাইবারের সঙ্গে প্রতিযোগিতা করতে বিভিন্ন ফিচারও এনেছে হোয়াটসঅ্যাপ।